বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার প্রক্রিয়া সাময়িকভাবে পিছিয়ে গেছে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় এই বিলম্ব হচ্ছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিএনপি মিডিয়া সেল ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি জটিলতার কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। এটি শনিবার পৌঁছাতে পারে বলে তিনি উল্লেখ করেন।
মির্জা ফখরুল বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার উপযোগী হয় এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাআল্লাহ ৭ তারিখ (রবিবার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।
খালেদা জিয়ার মেডিকেল বোর্ড ও বিএনপি সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এদিকে, তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ও মেডিকেল বোর্ড সদস্য ডা. জুবাইদা রহমান শুক্রবার ঢাকায় পৌঁছেছেন।
খালেদা জিয়ার লন্ডন যাত্রায় চিকিৎসকসহ মোট ১৪ জন সফরসঙ্গী থাকবেন। তারা হলেন- সৈয়দা শামিলা রহমান (প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী), দীর্ঘদিনের গৃহকর্মী ফাতেমা বেগম ও রুপা সিকদার। এছাড়া মেডিকেল টিমের মধ্যে রয়েছেন আবু জাফর মোঃ জাহিদ হোসেন, মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, মো. শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমদ, মোঃ জাফর ইকবাল ও মোহাম্মদ আল মামুন। স্পেশাল সিকিউরিটি ফোর্স থেকে সহযাত্রী হিসেবে থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ। এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আব্দুল হাই মল্লিক এবং ব্যক্তিগত সচিব মো. মাসুদের রহমান।
আশি বছর বয়সী এই নেতা দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, ফুসফুস, হৃদপিণ্ড ও চোখের সমস্যাসহ একাধিক জটিলতায় ভুগছেন।
হৃৎপিণ্ড ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার আশু আরোগ্য কামনায় শুক্রবার সারা দেশে মসজিদে দোয়া মাহফিল ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করে বিএনপি। পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।