জামায়াতের আমির

‘বাংলার জমিনে কোনও ফ্যাসিবাদ বরদাশত করা হবে না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে ফ্যাসিবাদ এখনো বিদায় নেয় নাই। আমরা পরিষ্কার করে বলতে চাই, কোন ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাশত করা হবে না। কেউ যদি ফ্যাসিবাদের ভাষায় আবার কথা বলে, কেউ যদি আবার ফ্যাসিবাদীদের মতো আচরণ করে, তারা কোন পথ খুঁজে পাবে আমরা জানি না। কিন্তু আমরা তাদের পরিষ্কার করে বলে দিতে চাই বাংলার জমিনে এদেশের আপামর ছাত্র, তরুণ, মেহনতী জনতা আর ফ্যাসিবাদকে বরদাশত করবে না।

তিনি বলেন, আমরা অতীতে রুখে দিয়েছিলাম আল্লাহর ওপর ভরসা করে, ভবিষ্যতেও কেউ মাথা তুললে তাও রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। কাউকে ছাড় দেওয়া হবে না। 

শুক্রবার (৫ ডিসেম্বর) চট্টগ্রামের লালদীঘি ময়দানে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সরওয়ার কামাল আজিজি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এর সভাপতি রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি এডভোকেট আনোয়ারুল হক চাঁনসহ আট দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন। 

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির বলেন, আমরা কোন বিশেষ দলের বিজয় চাচ্ছি না, আট দলেরও বিজয় চাচ্ছি না,, আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই। আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কুরআনই আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। 

আমরা আপনাদের আহবান জানাবো, বিজয়ের এই হুইশেলটা ইসলামের প্রবেশ দ্বার ‘ইসলামাবাদ’ খ্যাত এই চট্টগ্রাম থেকে আপনারা বাজাবেন ইনশাআল্লাহ। এই বিজয়ের বাঁশি এখান থেকে শুরু হবে আর চেরাপুঞ্জের পাহাড়ে গিয়ে এর ধাক্কা লাগবে। সারা বাংলাদেশ ইনশাআল্লাহ কুরআনের আলোকে আবাদ হবে। আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ। 

তিনি বলেন, আমরা কোন লাল চক্ষুকে পরোয়া করবো না, কোন দাদা বাবু মানি না, কোন বড় ভাই মানি না-সকলের সাথে আমাদের সম্পর্ক হবে পারস্পরিক সমতা এবং সম্মানের ভিত্তিতে।