নতুন ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন শনিবার

তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির শনিবার (৬ ডিসেম্বর) বেলডাঙায় বাবরি মসজিদের আদলে নির্মিতব্য মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিশাল এ আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি শেষ।

মরাদিঘি এলাকায় ৬০ থেকে ৭০ লাখ টাকা ব্যয়ে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৪০ হাজার অতিথির জন্য শাহি বিরিয়ানি প্রস্তুত করছে সাত ক্যাটারার। স্থানীয় আরও ২০ হাজার মানুষের জন্য আলাদা বিরিয়ানির ব্যবস্থা আছে। খাদ্য খাতে ব্যয় প্রায় ৩০ লাখ টাকা। ১৫০ ফুট লম্বা ও ৮০ ফুট চওড়া মঞ্চ তৈরিতে ব্যয় হয়েছে ১০ লাখ টাকা।

অনুষ্ঠানে ৪০০ বিশেষ অতিথি বসবেন। ৩ হাজার স্বেচ্ছাসেবক ভিড় ও যান নিয়ন্ত্রণে দায়িত্বে থাকবেন। হুমায়ুন কবিরের দাবি, প্রায় ২৫ বিঘা জমিতে ৩ লাখ মানুষ জমায়েত হবে।

বিশাল আয়োজন ও ১২ নম্বর জাতীয় সড়কে যানজটের আশঙ্কায় প্রশাসন সতর্ক। হাইকোর্টের নির্দেশের পর পুলিশ হুমায়ুনের সঙ্গে আলোচনা করেছে। প্রায় ৩ হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবে। জাতীয় সড়ক সচল রাখাই প্রশাসনের প্রধান লক্ষ্য।

সকাল ৮টায় অতিথি আগমন। সৌদি আরবের দু’ক্কারী বিশেষ কনভয়ে মঞ্চে পৌঁছাবেন। সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু। বেলা ১২টায় মূল ভিত্তিপ্রস্তর স্থাপন। দুপুর ২টায় সমাপ্তি। বিকেল ৪টার মধ্যে অনুষ্ঠান শেষ।