নির্বাচন নির্ধারিত সময়েই হবে এবং বাংলাদেশপন্থী সবাই একটি নিরপেক্ষ নির্বাচন চান বলে মন্তব্য করেছেন ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) ভিপি সাদিক কায়েম।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে সুনামগঞ্জের দিরাইয়ে জামায়াত সমর্থিত প্রার্থী শিশির মনিরের আয়োজনে এক যুব গণসমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ, গণহত্যার বিচারসহ একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি ছিল। তাই নির্ধারিত সময়ে একটি সুষ্ঠু ও ন্যায্য নির্বাচন করতে হবে।
তিনি তার বক্তব্যে বলেন, গত তিন মেয়াদে বিতর্কিত নির্বাচনে দেশের সকল মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। মানুষ এখন চায় একটি সুষ্ঠু নির্বাচন। ভোটাররা যেন তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারে, এমনটাই সাধারণ মানুষের প্রত্যাশা।
এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পর্কে বলেন, তার সারা জীবন ফ্যাসিবাদী ব্যবস্থা ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে কেটেছে। তার সুস্থতার জন্য দেশের মানুষ দোয়া করছে। তিনি দ্রুত আরোগ্য লাভ করবেন বলে আমরা আশা করি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত সমর্থিত প্রার্থী এডভোকেট শিশির মনির, ডাকসুর সদস্য সর্ব মিত্র চাকমা ও শাহীনুর রহমানসহ জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।