বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে ‘প্রতিরোধ যুদ্ধ’ ও পাকিস্তানি সেনাবাহিনীকে ‘দখলদার বাহিনী’ বলে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে তীব্র সমালোচনা ও প্রশ্ন উঠলেও বিষয়টি নিয়ে এখনো কোনো ব্যাখ্যা দেয়নি সরকারি কর্মকমিশন (পিএসসি)।
গত ২৭ নভেম্বর শুরু হয় ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা।
বুধবার (৩ ডিসেম্বর) ‘বাংলাদেশ বিষয়াবলি’ বিষয়ের ‘মহানন্দা’ সেটের প্রশ্নে এ ধরনের শব্দ প্রয়োগ লক্ষ্য করা যায়। প্রশ্নে বলা হয়, ‘১৯৭১ সালের মার্চ-এপ্রিল মাসে বাংলাদেশের বিভিন্ন স্থানে দখলদার বাহিনীর বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিরোধ যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দিন।’
পরীক্ষা শেষে প্রশ্নপত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেক ব্যবহারকারী এ শব্দচয়নকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার প্রতি একটি ‘সূক্ষ্ম আঘাত’ বলে মন্তব্য করেন।
ফেসবুক ব্যবহারকারী তন্ময় হাবিব লেখেন, ‘মুক্তিযুদ্ধ শব্দে খুব অ্যালার্জি! ভবিষ্যতে হয়তো লেখা হবে, ভারত-পাকিস্তান যুদ্ধ।’ অপর একজন, ইফতেখার মাশরুর গালিব প্রশ্ন তোলেন, ‘১৯৭১ সালে প্রতিরোধ যুদ্ধ হয়েছিল নাকি?’
এম শাহজালাল পারভেজ নামের এক ব্যবহারকারী লিখেছেন, ‘১৯৭১ সালের মার্চ মাসে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের সব শ্রেণির মানুষ সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু করেছিল...পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ বলে কেন প্রচার করা হচ্ছে?’
বিষয়টি নিয়ে পিএসসির কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা ব্যাখ্যা পাওয়া যায়নি।