বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, নির্বাচন নিয়ে জাতির মধ্যে যখন উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে, ঠিক সেই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা দেশবাসীকে নতুন করে চিন্তায় ফেলেছে। তিনি অভিযোগ করে বলেন, দেশে গণতন্ত্র ও আগামী নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে।
গতকাল শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সরকারি লৌহজং কলেজ মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত গণমোনাজাত ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. রিপন বলেন, ‘বেগম খালেদা জিয়া সারা জীবন জনগণের ক্ষমতায়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করে গেছেন। তার সুস্থতা ও রাজনৈতিক মাঠে সক্রিয় উপস্থিতি দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য অপরিহার্য। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবে তাকে নিশ্চিহ্ন করার জন্য নানামুখী চেষ্টা-চক্রান্ত করে যাচ্ছে।’