বিজেপির লক্ষ্য নেহরুকে মুছে ফেলা নয়, বরং ধ্বংস করা: সোনিয়া গান্ধী

দেশের ইতিহাস থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে মুছে ফেলার তৎপরতা চলছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। 

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ‘দ্য নেহরু সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দাবি করেন, যেনতেন প্রকারে নেহরুর নিন্দা করা বর্তমান বিজেপি সরকারের লক্ষ্য হয়ে উঠেছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং হালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ যে কোনও প্রসঙ্গেই নেহরুকে দোষারোপ করেন। সে দিকেই ইঙ্গিত করে সোনিয়া বলেন, যা গ্রহণযোগ্য নয়, তা হল তাঁকে অবজ্ঞা, বিকৃত, অবমাননা এবং অপমান করার প্রচেষ্টা।

সোনিয়া আরও বলেন, তাঁর (নেহরু) ব্যক্তিত্বের গরিমা খর্ব করা শুধু নয়, দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর সর্বজনীন-স্বীকৃত ভূমিকা এবং পরে স্বাধীন দেশের নেতা হিসেবে তাঁর কাজ, অবদানকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। যা একেবারেই গ্রহণযোগ্য নয়।

তিনি জোর দিয়ে বলেন, ইতিহাস বিকৃত করে নেহরুর ভূমিকা অস্বীকার করার অপচেষ্টা দেশের জন্য ক্ষতিকর।

তিনি বলেন, এই কাজগুলো কারা করছেন? আমরা সকলেই জানি। তারা এমন একটি মতাদর্শের অনুসারী, যারা আমাদের স্বাধীনতা আন্দোলনে কোনও ভূমিকা রাখেনি। আমাদের সংবিধান প্রণয়নে কোনও ভূমিকা ছিল না তাদের। বাস্তবে, তারা সংবিধান পুড়িয়েও ফেলেছিল। এটা এমন এক মতাদর্শ, যা মহাত্মা গান্ধীর হত্যাকে ত্বরান্বিত করেছিল। আজও তাঁর খুনিকে এদের অনুসারীরা মহিমান্বিত করে চলেছে।

সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের বাবরি মসজিদ নির্মাণে নেহরুর ভূমিকা সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে সোনিয়া গান্ধীর এই বক্তব্য রাখেন।