সামনের নির্বাচন আমাদের জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ‘অত্যন্ত বড় পরীক্ষা’ আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টার ‘অভিযোগমুক্ত আদর্শ নির্বাচন’ করার ঘোষণার কথা স্মরণ করিয়ে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা অপরিহার্য।

শনিবার (৬ ডিসেম্বর) রংপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, সব কিছুর ভিত্তি হলো আইনশৃঙ্খলা। এটি ভালো না থাকলে কোন কিছুই অর্জন করা যাবে না। আমরা জানি, এ নিয়ে খুব খারাপ সময় আমাদের গেছে। আশার কথা হলো, পুলিশ শেষ পর্যন্ত তাদের অবস্থানটা সংহত করতে পেরেছে।

যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেয়ার বিষয়ে তিনি বলেন, যে প্রার্থীর হেরে যাওয়ার সম্ভাবনা থাকে, তিনি কিন্তু সব সময় গণ্ডগোলের চেষ্টা করতে পারেন। সেটা মাথায় রেখেই আমি মনে করি যথেষ্ট ব্যবস্থা নেয়া হবে। এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার মিটিং করেছেন। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও যথেষ্ট সজাগ।

উপদেষ্টা বলেন, আমরা আশা করি, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদের বুঝিয়ে দিয়ে চলে যেতে পারবো।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, মহানগর উপ-পুলিশ কমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদ, পুলিশ সুপার মারুফাত হোসাইনসহ জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।