এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে উঠতে যাচ্ছে কাহলিল জিবরানের বিশ্বখ্যাত ‘স্যাটান’ গল্প অবলম্বনে নির্মিত নাটক ‘শয়তান’ । শব্দ থিয়েটারের জনপ্রিয় এই প্রযোজনা শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে প্রদর্শিত হবে। এর আগে দেশের অন্তত সাতটি জেলায় সফলভাবে মঞ্চায়িত হয়েছে নাটকটি।
নাট্যকার ও নির্দেশক মাস্উদ জামানের মঞ্চরূপে তৈরি ‘শয়তান’ মানবচেতনা, নৈতিকতা, পাপ-পুণ্য এবং আত্মদ্বন্দ্বের দার্শনিক প্রশ্নের মুখোমুখি দাঁড় করায় দর্শকদের। ধর্মীয় ও সামাজিক কাঠামোর বিপরীতে দাঁড়িয়ে ‘শয়তান’ চরিত্রের অনুসন্ধান নাটকটিতে নতুন মাত্রা যোগ করেছে বলে জানিয়েছে দলটি।
দলের পক্ষ থেকে জানানো হয়, দর্শকের আগ্রহ ও প্রশংসার কারণেই ঢাকায় প্রথমবারের মতো ‘শয়তান’ মঞ্চায়নের আয়োজন। নাটকের দার্শনিক ভাবনা, অভিনয়শৈলী এবং নান্দনিক মঞ্চসজ্জা প্রতিবারই দর্শকের বিশেষ প্রশংসা কুড়িয়েছে।