চলতি বছর অক্টোবর মাসে কৃষ পাঠকের সঙ্গে আইনি বিয়ের ছবি শেয়ার করে রোষের কবলে পড়েছিলেন ভারতীয় অভিনেত্রী সারা খান। ভিনধর্মী বিয়ের জন্য কম সমালোচিত হতে হয়নি টেলিনায়িকাকে। শুনতে হয়েছিল, ‘জাহান্নমে যাও’য়ের মতো কটাক্ষও। তবে নিন্দুক, ধর্ম ধ্বজাধারীদের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে এবার কৃষের সঙ্গে হিন্দু রীতিতেই সাতপাক ঘুরলেন সারা। কৃষ পাঠক ‘রামায়ণ’খ্যাত সুনীল লহরীর পুত্র। সেই প্রেক্ষিতে পর্দার ‘লক্ষ্মণে’র পুত্রবধূ হলেন সারা খান।
শুক্রবার, ৫ ডিসেম্বর হাতে গোনা ক’জন বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনের উপস্থিতিতে মুম্বইয়ে চার হাত এক হল। হিন্দু রীতি মেনে গায়ে হলুদ থেকে সাতপাক ঘোরার পাশাপাশি মালাবদল, সিঁদুরদানও হয়। কৃষ পাঠক ও সারা খানের বিয়েতে উপস্থিত ছিলেন টেলিপর্দার একাধিক তারকা। বিয়ের অনুষ্ঠানের জন্য লাল লেহেঙ্গার সঙ্গে মানাসই সোনা এবং কুন্দনের গয়নায় সেজেছিলেন ‘বিদাই’ ধারাবাহিক খ্যাত সারা খান। মেহেন্দিতে লুকনো স্বামীর নামও ধরা পড়ল ক্যামেরায়। অভিনেত্রীর জীবনের নতুন ইনিংসের খবর দিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভকামনা আর শুভেচ্ছায় ভাসছেন সারা খান।