সালাহউদ্দিন আহমেদ

হাসিনা বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতায় বিশ্বাস করেননি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা পার্শ্ববর্তী একটি দেশের সেবাদাস হিসেবে ক্ষমতা ধরে রেখে দেশের সম্পদ পাচারে সহযোগিতা করেছেন। গণঅভ্যুত্থানে জনগণ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। হাসিনা বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতায় কখনও বিশ্বাস করেননি। শেষ পর্যন্ত তার নির্ধারিত ঠিকানাও হয়েছে দিল্লি।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকায় নারী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। জাতীয় নির্বাচনের আগে কক্সবাজার-১ আসনে নিজ নির্বাচনী এলাকায় এটি ছিল দিনের দ্বিতীয় বড় সমাবেশ।

সমাবেশে আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, এবারের নির্বাচন হবে বিশ্বের কাছে স্বীকৃত সুষ্ঠু ও প্রশংসিত নির্বাচন। জনগণ এখন নিজেদের অধিকার সম্পর্কে আগের চেয়ে বেশি সচেতন। তারা নিজেরাই ভোটাধিকার পাহারা দেবেন। গত ১৬ বছর দেশে গণতন্ত্র ছিল না—এবার তা ফিরে এসেছে।

তিনি আরও বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, শান্তি চায়। বিএনপি জনগণের কাছে যে ইশতেহার দেবে, সেটিই হবে বাস্তবসম্মত, জনমুখী ও পরিবর্তনের অঙ্গীকার।

তিনি বলেন, আমরা আগামীতে ক্ষমতায় গেলে দেশে সমৃদ্ধি, শান্তি ও নাগরিক স্বাধীনতা নিশ্চিত করা হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমেদের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।