মানিকগঞ্জের সদর উপজেলায় দাদির সঙ্গে ঘুরতে বেরিয়ে কালিগঙ্গা নদীতে পড়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার গিলন্ড মাঠপাড়া এলাকায় এই দুর্ঘটনায় ঘটে। নিহত দুই শিশুই তাদের পরিবারের ছেলে সন্তান ছিল।
নিহত জুনায়েদ মন্ডল (আড়াই বছর) উপজেলা সদর এলাকার আলী আজগর মন্ডল ও সাহেরা দম্পতির ছেলে। আর জামিল মন্ডল (২.৩ বছর) আলী আকবর মন্ডল ও তাসলিমা আক্তার দম্পতির সন্তান।
নিহত জামিলের নানী জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে দাদির সঙ্গে বাড়ির বাইরে ঘুরতে বের হয় জুনায়েদ ও তার চাচাতো ভাই জামিল। পরে দাদির অগোচরে তারা কালিগঙ্গা নদীর পাড়ে চলে যায়। কিছুক্ষণ পর দাদি বাড়ি ফিরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয়রাও খুঁজতে সহায়তা করেন। প্রায় এক ঘণ্টা পর সাড়ে আটটার দিকে নদীর পাড়ে ভাসমান অবস্থায় প্রথমে জামিলের মরদেহ দেখা যায়। কিছু দূরেই জুনায়েদের মরদেহও দেখতে পায় পরিবার। পরবর্তী সময়ে তাদের দ্রুত উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
একই পরিবার ও আত্মীয়তার দুই শিশু সন্তান এভাবে অকালমৃত্যুবরণ করায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মানিকগঞ্জ সদর থানার এসআই পুলক কুমার দাস মজুমদার জানান, 'ঘটনাটি তদন্ত করে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।'