অবৈধভাবে লিবিয়ার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম পশ্চিম তেলিকান্দির ছামির শেখ (২০)। গত ১৫ নভেম্বর সাগরে নৌকা ডুবিতে নিখোঁজ ২৬ জনের মধ্যে ছামির রয়েছে বলে দাবি পরিবারের।
ছামির জীবিত নাকি মৃত কিছুই বলতে পারছে না তার পরিবার। তবে লিবিয়া থেকে ফেরত আসা একই উপজেলার কোদালিয়ার জামাল সর্দার জানান ছামির সাগর পারি দেওয়ার সময় নৌকা ডুবিতে নিখোঁজ হয়েছে। আর কিছু বলতে পারে না।
নিখোঁজ ছামির রাজৈর উপজেলার পশ্চিম তেলিকান্দি গ্রামের মৃত আমির শেখের ছেলে। পরিবারে ৩ বোন ২ ভাইয়ের মধ্যে ছামির ছিল ৪ নম্বর। বড় ভাইয়ের আয়ে পুরো সংসার চলে।
নিখোঁজ ছামিরের বাড়িতে গেলে পরিবার জানায়, গত ৬ অক্টোবর গোপালগঞ্জের ছাগলছিড়ার দালাল ইলিয়াসের মাধ্যমে ২০ লাখ টাকার চুক্তিতে নগদ ১৬ লাখ টাকা দেওয়ার পর বাড়ি থেকে লিবিয়ার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে নিখোঁজ ছামির। তার সাথে ৭ নভেম্বর শেষ কথা হয়। এরপর আর তার সাথে কথা হয়নি।
তবে দালাল ইলিয়াস বলেছে ছামির বেঁচে থাকতে পারে, কোন জেলেও আটক থাকতে পারে। তাদের মধ্যে অনেকেই জেলে আছে। আর পরিবারের বিশ্বাস তাদের ছামির বেঁচে আছে।
ছামিরের মা সুফিয়া বেগম কেঁদে কেঁদে বলেন, আমার ছেলে বোটে উঠার আগে আমাকে জানায় সে আগামী ত্রিশ ঘণ্টা যোগাযোগ করতে পারবে না। সে জানায়, ‘আমার জন্য দোয়া কইরো।’ এরপর আর কথা কয় নাই আমার ছেলে। আমার ছেলেকে হয় ফেরত এনে দেন, না হয় পৌঁছে দেন।
গোপালগঞ্জের ছাগলছিড়ার দালাল ইলিয়াসের মুঠো ফোনে ফোন করে তার ফোন বন্ধ পাওয়া যায়।
রাজৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক জানান, এবিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি, সকল তথ্য পেলে আমরা আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।