খুলনা-১ আসন

খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল

খুলনা-১ আসনে ( বটিয়াঘাটা-দাকোপ) বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছে স্থানীয় একটি অংশের নেতা কর্মীরা। এ দাবিতে শনিবার (৬ ডিসেম্বর) বিকালে গণমিছিল ও সমাবেশ করেছে তারা। সাচিবুনিয়া বিশ্ব রোড মোড় থেকে শুরু হয়ে মিছিলটি জিরো পয়েন্ট এ গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা,৯০ এর স্বৈরাচার এরশাদ পতন আন্দোলনে ঢাকার রাজপথের সম্মুখ সারীর যোদ্ধা জিয়াউর রহমান পাপুল দাকোপ-বটিয়াঘাটায় জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি ইতোমধ্যে এ এলাকার সাধারণ মানুষের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। তারা জিয়াউর রহমান পাপুলের যোগ্য নেতৃত্বের দিকে তাকিয়ে আছেন। বক্তারা খুলনা-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা করে যোগ্যতা এবং জনপ্রিয়তা বিবেচনায় জিয়াউর রহমান পাপুলকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান। 

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য জিএম রফিকুল হাসান, মনিরুজ্জামান লেলিন, আসাফুর রহমান পাইলট,বটিঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, জলমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাবুর রহমান হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনো, জেলা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, বটিয়াঘাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লিটন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক  শাকিল হুসাইন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা নুপুর, সিনিয়র সহ সভাপতি রেহেনা  ইসলাম প্রমুখ।