জুলাই অভ্যুত্থানে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে তোলা হবে লাশ

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ১১৪ জনের মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু হবে আগামীকাল রবিবার (৭ ডিসেম্বর) থেকে।

শহীদদের ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড (ডিএনএ) নমুনা সংগ্রহের কাজ শুরু করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তার লুইস ফন্ডেব্রিডার এবং সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই কাজ শুরু হবে।

সিআইডি জানিয়েছে, লাশগুলো উত্তোলনের পর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা নিয়ে আবার যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে। এ প্রক্রিয়ায় সহযোগিতা করবে বিদেশি বিশেষজ্ঞ ফরেনসিক টিম।

এর আগে গত ২ ডিসেম্বর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে অজ্ঞাত শহীদদের কবর পরিদর্শন করেন সিআইডির কর্মকর্তারা।