বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সব কিছু প্রস্তুত করা হচ্ছে। নির্বাচনে নেতৃত্ব দেবেন তিনি।’ গতকাল শনিবার রাজধানীর বনানীতে হোটেল সারিনায় সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
খসরু বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। আমরা বলব তারেক রহমান সহসাই ফিরবেন। তার বাড়ি, অফিস সব প্রস্তুত। এমনকি দেশে ফেরার বিষয়ে তার পরিকল্পনাগুলো তার নিজের ও দলের পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি। সুতরাং তারেক রহমান যেকোনো সময়ই দেশে ফিরবেন। যারা না আসার গুঞ্জন ছড়ায়, তারা ছড়াবেই।’
ডা. জুবাইদা রহমানের রাজনীতিতে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘ডা. জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না, তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি ভালো বলতে পারবেন। তবে আমরা জানি তারেক রহমান বিএনপির নেতৃত্বে আছেন। তিনি দেশে ফিরে নির্বাচনের নেতৃত্ব দেবেন। আগামীতে যদি আমরা জনগণের সমর্থন পেয়ে সরকার গঠন করতে পারি, তার নেতৃত্বেই মন্ত্রিসভা গঠিত হবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘এটা কোনো ইস্যু নয়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিশ্চিত হবে। ডাক্তাররা সেই মোতাবেক আলাপ-আলোচনা করছেন। পরিস্থিতি বুঝেই তারা সিদ্ধান্ত নেবেন।’