শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, ‘জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ১১ স্কাউটের আত্মত্যাগে নতুন বাংলাদেশ নির্মাণের প্রেরণা খুঁজে পাওয়া যায়।’ গতকাল শনিবার রাজধানীতে বাংলাদেশ স্কাউটসের সদর দপ্তরে জাতীয় পর্যায়ের বিভিন্ন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্কাউটিংয়ের মূল দর্শন তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘স্কাউটিং শুধু ব্যাজ অর্জনের প্রক্রিয়া নয়; এটি চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ শেখা, দলগত নেতৃত্ব, দায়িত্ববোধ এবং সমাজসেবার এক যুগান্তকারী প্রশিক্ষণ।’
তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়, বন্যা, অগ্নিকা-সহ যেকোনো দুর্যোগে দেশের প্রতিটি প্রান্তে সাধারণ মানুষের পাশে থাকে স্কাউট সদস্যরা। আত্মনির্ভরশীল ও সেবামুখী নাগরিক তৈরির জন্য স্কাউটিংয়ের বিস্তৃতি আরও বাড়ানো জরুরি।’
জুলাই গণঅভুত্থানে স্কাউটদের আত্মত্যাগ স্মরণ করে ড. আবরার বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে ১১ জন স্কাউট ও আহতদের আত্মত্যাগ আমাদের নতুন দেশ গড়ার স্বপ্নকে শক্তি দিয়েছে। তাদের ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরন্তন অনুপ্রেরণা।’
শিক্ষা উপদেষ্টা জানান, ‘বিশ্বের ১৭৬টি স্কাউট দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বর্তমানে চতুর্থ। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন কমিটি ও সাব-কমিটিতে বাংলাদেশি স্কাউটদের নেতৃত্ব আমাদের সক্ষমতার দৃষ্টান্ত।’ বাংলাদেশ স্কাউটসে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় স্কাউট নেতৃত্বকে ধন্যবাদ জানান উপদেষ্টা।