গাজীপুর থেকে যৌতুক মামলার আসামি গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতন ও হত্যা চেষ্টার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সফিকুল ইসলামকে গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (৬ ডিসেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, ঢাকায় গার্মেন্টসে কাজ করার সময় বগুড়ার শিবগঞ্জ উপজেলার বড়িয়া গ্রামের লুৎফর রহমান প্রামানিকের ছেলে সফিকুল ইসলামের সঙ্গে দুমকির দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামের মজিবর ঘরামীর কন্যা মোসা. ফাতেমা খাতুনের পরিচয় থেকে সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সফিকুল যৌতুকের দাবিতে স্ত্রীকে চাপ দিতে থাকেন। গত ১৭ অক্টোবর ফাতেমার পিত্রালয়ের বারান্দায় তাকে বেধড়ক মারধর, শারীরিক ও মানসিক নির্যাতন এবং হত্যা চেষ্টা চালানো হয় বলে মামলা দায়ের করেন।

পরে পটুয়াখালী সিনিয়র স্পেশাল জজ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে দুমকি থানা পুলিশ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পাশাগেট এলাকার একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে সফিকুল ইসলামকে গ্রেপ্তার করেন। 

দুমকি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।