ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ঘিরে একের পর এক বিতর্কে রাজনৈতিক চাপ বাড়ছে। সন্দেহভাজন মাদকবাহী নৌযানে হামলা ও সংবেদনশীল সামরিক তথ্য আদান–প্রদানে সিগন্যাল অ্যাপ ব্যবহারের ঘটনায় তার বিরুদ্ধে সমালোচনা তীব্র হয়েছে, উঠেছে পদত্যাগের দাবিও।

ফক্স নিউজের সাবেক উপস্থাপক ও ন্যাশনাল গার্ডের প্রাক্তন মেজর হেগসেথ এই বছর অল্প ব্যবধানে সিনেট থেকে অনুমোদন পান। কিন্তু ইয়েমেনে অভিযানের আগে সিগন্যাল অ্যাপে বার্তা বিনিময় এবং হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের পরবর্তী আক্রমণে নিহত হওয়ার ঘটনা তাকে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে এনেছে।
 
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেরিন কর্নেল মার্ক ক্যানসিয়ান বলেন, 'তিনি কিছু রিপাবলিকানের সমর্থন হারালেও তার প্রতি ট্রাম্পের আস্থা এখনও আছে।'
   
ওবামা প্রশাসনের সাবেক কর্মকর্তা জিম টাউনসেন্ড বক্তব্য দেন, 'হেগসেথ এর অবস্থান এখন দূর্বল এবং তিনি ট্রাম্পের জন্যই এখন কেবলই মাথাব্যথা'। তিনি মনে করেন রিপাবলিকানদের জন্য বিব্রতকর কিছু ঘটলে হেগসেথকে সরিয়ে দেওয়া হতে পারে। 

ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের একাংশ ইতোমধ্যে তার পদত্যাগ দাবি করলেও আপাতত হেগসেথের অবস্থান নিরাপদ বলে মনে করা হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, আরেকটি বড় স্ক্যান্ডাল ঘটলেই হেগসেথকে পেন্টাগন থেকে সরিয়ে দিতে পারে হোয়াইট হাউস।