যশোরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

যশোরে ছুরিকাঘাতে তানভীর (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত তানভীর যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার মিন্টু মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, নিহতের প্যান্টের পকেটে থেকে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন জানান, রাত ২টার দিকে বেজপাড়া তালতলা এলাকায় রাস্তার পাশে তানভীর গুরুতর আহত অবস্থায় পড়েছিলো। এ সময় সাব্বির হোসেন নামে এক পথচারী তাকে দেখতে পেয়ে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পৌঁছে দিয়ে চলে যান। পরে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত আড়াইটায় তানভীরকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় এবং মৃত ব্যক্তির পকেট তল্লাশি করে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।