রাজমুকুটে প্রতীকী হামলায় লন্ডনে ৪ জন গ্রেপ্তার

লন্ডনের টাওয়ার অব লন্ডনে অমূল্য ক্রাউন জুয়েলের প্রদর্শনী কেসে আপেল ও কাস্টার্ড ছোড়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবারের (৬ ডিসেম্বর) এ ঘটনাকে সাম্প্রতিক সরাসরি প্রতিবাদমূলক স্টান্টগুলোর ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। 

মেট্রোপলিটন পুলিশ জানায়, স্টেট ক্রাউন রাখা কাচের কেসে খাবার নিক্ষেপের অভিযোগে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা গ্রেপ্তার করে চার বিক্ষোভকারীকে। অভিযুক্তরা ‘ক্রিমিনাল ড্যামেজ’-এর অভিযোগে হেফাজতে রয়েছে।

'টেক ব্যাক পাওয়ার' নামে তুলনামূলক অজানা এক নাগরিক প্রতিরোধ গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেছে। তাদের দাবি, তারা যুক্তরাজ্যে 'স্থায়ী নাগরিক পরিষদ' গঠনের দাবি তুলতে এ প্রতিবাদ করেছে—যা ধনীদের ওপর কর আরোপসহ রাজনৈতিক সংস্কার আনতে সক্ষম হবে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক নারী প্রদর্শনী কেসে খাবারের ট্রে চাপিয়ে দেন এবং এক যুবক তার ওপর কাস্টার্ড নিক্ষেপ করেন। দুজনেরই পরনে ছিল-‘টেক ব্যাক পাওয়ার’লেখা শার্ট এবং তারা 'গণতন্ত্র ভেঙে পড়েছে', 'ব্রিটেন ভেঙে গেছে' এরূপ স্লোগান দিচ্ছিলেন। 
 
২০২৩ সালে রাজা চার্লস তৃতীয়ের রাজমুকুট পরিধানসহ জাতীয় আনুষ্ঠানিকতায় ব্যবহৃত ইম্পেরিয়াল স্টেট ক্রাউনটি কেসের ভেতরে অক্ষত দেখা যায়।

ইতিহাসসমৃদ্ধ জুয়েল হাউস কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হলেও পুলিশ তদন্ত শেষে সেদিনই পুনরায় খোলা হয়। পরিচালনাকারী প্রতিষ্ঠান হিস্টরিক রয়্যাল প্যালেসেস জানিয়েছে, জুয়েলগুলো কোনো ক্ষতির সম্মুখীন হয়নি।