রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনে আগুনে দুই ইঞ্জিনিয়ারসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) রাতে কুড়িল বিশ্বরোড পিনাক্যাল ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- ইঞ্জিনিয়ার মাসুদ (৬০), ইঞ্জিনিয়ার শামসুজ্জোহা (২৫) ও তেলের গাড়ির স্টাফ লুৎফর (৩০)।
ফিলিং স্টেশনের টেকনিশিয়ান আবু জাফর জানান, শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের ধরে যায় এবং সেই আগুনে তারা তিনজন দগ্ধ হন বলে জানান তিনি।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মাসুদের শরীরের ১৫ শতাংশ, শামসুজ্জোহার ১৮ ও লুৎফরের ৭ শতাংশ পুড়ে গেছে। তাদের ৩ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।