ঢাকা কলেজ শহীদ মিনারে ‘সাত কলেজ’ শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে ‘স্কুলিং’ পদ্ধতিতে পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, তিতুমীর কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ও বাংলা কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে তাদের প্রতিবাদ জানায়।

আজ রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকা কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ শুরু হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ ও বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরাও এতে যোগ দেন। তারা ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে ‘স্কুলিং পদ্ধতি বাতিল করো’, ‘ঐতিহ্য রক্ষা করো’ স্লোগান দিতে থাকেন। 

শিক্ষার্থীরা তাদের মূল দাবি জানিয়ে বলছেন, ভিন্ন কোনো মডেল নয়, কলেজগুলোকে পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করতে হবে এবং সকল বিভাগ ও উচ্চমাধ্যমিক কোর্স সংরক্ষণ করতে হবে।

গত কয়েক মাস ধরে চলা আন্দোলনের চাপে ঢাকা বিশ্ববিদ্যালয় এই সাত কলেজের অধিভুক্তি বাতিল করে। পরে ইউজিসি গঠিত কমিটি স্কুলিং পদ্ধতিতে এগুলো নিয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেয়। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসক হিসেবে নিয়োগ পান ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

তবে, শিক্ষার্থীদের অভিযোগ, এই মডেলে ঐতিহ্যবাহী কলেজগুলোর স্বতন্ত্র অস্তিত্ব বিলুপ্তির পথ তৈরি হয়েছে। উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের অবস্থান নিয়েও রয়েছে অস্পষ্টতা। এছাড়া ইসলাম শিক্ষা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগ প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে রাখা হয়নি। এসব বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা না দেওয়ায় ক্ষোভ আরও গভীর হয়।

এদিকে, ইউজিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও এ সংক্রান্ত কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি। শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।