নরসিংদীতে স্পিনিং মিলের তুলার গোডাউন ভস্মীভূত

নরসিংদীর মাধবদীতে এন আর স্পিনিং মিলের তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুদামের বড় অংশ পুড়ে গেছে। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১০টা ৫ মিনিটে আগুন লাগার পর ভোর ৬টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে আগুন কিছুটা নিয়ন্ত্রনে আনলেও পুরোপুরি আনতে পারেনি।  এখন পর্যন্ত ৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করে যাচ্ছে।

মিল কর্তৃপক্ষ জানায়, হঠাৎ মিল এলাকার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোডাউনের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। তুলা থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।

খবর পেয়ে নরসিংদী, মাধবদী, পলাশ ও নারায়ণগঞ্জের ৮টি ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, দমকলকর্মীদের পাশাপাশি মিলের শ্রমিক ও স্থানীয়রাও পানি ঢেলে আগুন ঠেকানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের লেলিহান শিখা ক্রমেই আরও বাড়তে থাকে।

এন আর স্পিনিং মিলের ডিজিএম (অ্যাকাউন্টস) ফারুকুজ্জামান জানান, গুদামের ঠিক পাশে থাকা একটি বিদ্যুতের তার গাছে ঘষা খেয়ে স্পার্ক হয়। সেই স্ফুলিঙ্গ তুলার ওপর পড়তেই কয়েক সেকেন্ডের মধ্যে আগুন গুদামের মধ্যে ছড়িয়ে পড়ে।

ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান বলেন, তিনটি গোডাউনে আগুন লেগেছে। আমরা ৫টার দিকে আগুন আমাদের নিয়ন্ত্রণে আসছে। আশা করছি আর ছড়াবে না। তদন্ত করে কারণ ও ক্ষতির পরিমাণ বলা যাবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত (সকাল ১১টা) গুদামের আগুন নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু পুরোপুরি নেভানো যায়নি। দমকলকর্মীরা আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।