জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ার লক্ষ্যে কয়েকটি দল মিলে আজ রবিবার একটি নতুন ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলনসহ বেশ কয়েকটি দল এই ঐক্যে যুক্ত হচ্ছে।
বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঐক্য প্রচেষ্টার ঘোষণা আসার কথা রয়েছে।
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাই অভ্যুত্থানের সময় জনগণের দেওয়া অঙ্গীকারগুলো রক্ষা করা এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের লক্ষ্যেই আগ্রহীরা এই ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ গঠন করছেন।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
এদিকে, জাতীয় নাগরিক পার্টিও একটি সংবাদ বিবৃতির মাধ্যমে আজকের সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছে।
অন্যদিকে, রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম–সাধারণ সম্পাদক দিদারুল ভূঁইয়া জানান, আপাতত তিনটি দলের সমন্বয়ে এই রাজনৈতিক ও নির্বাচনী জোট গঠিত হচ্ছে। এই ঐক্যের মাধ্যমে দলগুলো জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ তৈরির দিকে মনোযোগ দেবে বলে মনে করা হচ্ছে।