দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমালেন চলচ্চিত্র অভিনেত্রী নূতনের স্বামী, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রুহুল আমিন বাবুল। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৫ বছর। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর জানান, রবিবা (৭ ডিসেম্বর) বাদ জোহর বসুন্ধরা আবাসিক এলাকার ডি-ব্লকের জামে মসজিদে বাবুলের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
রুহুল আমিন বাবুলের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন প্রযোজক-পরিচালক রুহুল আমিন বাবুল। মাঝখানে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও আবারও শারীরিক অবনতি হওয়ায় কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বাবুল জ্যাম্বস ফাইটিং গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। সত্তরের দশকের শেষের দিকে ছবি প্রযোজনা শুরু করেছিলেন। প্রায় ৩০টি ছবি প্রযোজনা করেছেন। তার প্রযোজনায় নির্মিত হয় ‘দোস্ত দুশমন’, ‘বারুদ’, ‘চাঁদ সুরজ’, ‘কাবিন’সহ বেশ কয়েকটি সুপারহিট ছবি। সর্বশেষ তিনি ‘আমি সেই মেয়ে’ (১৯৯৮) প্রযোজনা করেছিলেন।
১৯৭৮ সালে অভিনেত্রী নূতনকে বিয়ে করেন প্রযোজক বাবুল। তার প্রকৃত নাম ফারহানা আমিন রত্না। লাবিবা আমিন (বড় মেয়ে) ও ফারহানা আমিন রীতু (ছোট মেয়ে) নামে দুই কন্যাসন্তান রয়েছে।