পাংশায় মুক্তিযোদ্ধাদের কবরস্থানের বেড়ায় আগুন

রাজবাড়ীর পাংশায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য দেওয়া কবর কবরস্থানের সীমানার বেড়ায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৭ ডিসেম্বর) ভোরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর কবরস্থানে এই ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ সুত্রে জানা যায়, রবিবার ভোরে নামাজের জন্য মুসল্লিরা মসজিদে আসছিল। এসময় তারা কবর স্থানে আগুন দেখতে পায়। পরে মসজিদের মাইকে আগুন লাগার ঘটনা প্রচার করা হলে স্থানীয় লোকজন এসে আগুন নেভায়। আগুনে কবরস্থানের এক পাশের নেটের জালের বেড়া পুড়ে গেছে। আগুন লাগার স্থানে প্রেট্রোলের গন্ধ পাওয়া গেছে বলে প্রতক্ষদর্শীরা জানান।

তারাপুর জামে মসজিদের মুয়াজ্জিন শহিদুল ইসলাম ওই কবরস্থান দেখভাল করেন। তিনি জানান, ফজরের নামাজের আযান দেওয়ার জন্য তিনি মসজিদে আসছিলেন। এসময় কবরস্থানে আগুন দেখতে পান তিনি। এসময় মজসিদের মাইকে আগুন লাগার বিষয়টি জানানো হলে এলাকার মানুষ ও হেফজ খানার ছাত্ররা এসে আগুন নেভায়।

বাহাদুরপুর ইউনিয়ন মুক্তিযুদ্ধ সংসদের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক সমশের আলী বলেন, এটা স্বাধীনতা বিরোধীদের কাজ। যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এটা তারা করেছে। আমরা এমন ঘটনার জন্য কি দেশ স্বাধীন করেছিলাম। এঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে পাংশা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। একটি বড় কবরস্থানের এক পাশে মুক্তিযোদ্ধাদের কবরের জন্য নির্ধারিত স্থান। কবরস্থানের চারপাশে প্লাস্টিকের নেটজালদিয়ে বেড়া দেওয়া। সেই বেড়ায় রাতের বেলায় কেউ আগুন দিয়েছে। তবে কারা এই আগুন দিয়েছে তা এখনই বলা সম্ভব নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’