লক্ষ্মীপুর-নোয়াখালী সীমান্তবর্তী আলায়াপুর এলাকায় একটি কবরস্থান থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। গতকাল রবিবার সকালে লক্ষ্মীপুর-নোয়াখালীর সীমান্তে চন্দ্রগঞ্জ থানার পূর্ব বাজারে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে ৫টি রাইফেল ও ১টি এলজি রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে একটি চক্র চন্দ্রগঞ্জ ও আশপাশ এলাকায় অস্ত্র ব্যবহার করে আসছিল। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় বেগমগঞ্জ উপজেলার আলায়াপুরে (চন্দ্রগঞ্জ পূর্ব বাজার) অভিযান চালায় চন্দ্রগঞ্জ থানা পুলিশ। পরে একটি কবরস্থান থেকে কাগজে মোড়ানো ৬টি প্যাকেটে উদ্ধার করা হয়। প্যাকেটগুলো থেকে ৫টি রাইফেল ও ১টি এলজি উদ্ধার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর নোয়াখালী সীমান্তবর্তী আলায়াপুর এলাকায় একটি কবরস্থানে অভিযান পরিচালনা করা হয়। এই সময় অস্ত্র উদ্ধার করা হয় । অস্ত্রগুলো কবরস্থানে কারা রেখেছেন, সেটি জানা যায়নি। জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
লক্ষ্মীপুরে ৫টি রাইফেল ও একটি এলজি উদ্ধার : লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের বাঁধের পোল এলাকায় গতকাল রবিবার একটি কবরস্থান থেকে পাঁচটি রাইফেল ও একটি এলজি উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, অস্ত্র ব্যবসায়ীদের একটি চক্র চন্দ্রগঞ্জ-বেগমগঞ্জ সীমান্ত এলাকায় অবস্থান করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা এসব অস্ত্র কবরস্থানে ফেলে দ্রুত পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্রগুলো সম্পূর্ণ নতুন বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় বিভিন্ন অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রতি চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় গোয়েন্দা বিভাগ (ডিবি)। সেখানে অভিযান চালিয়ে একটি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তারই ধারাবাহিকতায় অস্ত্রগুলো বিক্রির জন্য এলাকায় জড়ো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পাঁচটি রাইফেল ও একটি এলজি উদ্ধার করে পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার ওসি মো. ফয়েজুল আজীম নোমান বলেন, ‘ঘটনাস্থল থেকে পাঁচটি রাইফেল ও একটি এলজি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।