যুক্তরাষ্ট্রের আলাস্কা ও কানাডিয়ান অঞ্চল ইউকনের সীমান্তের কাছে একটি প্রত্যন্ত অঞ্চলে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ও কানাডার স্থানীয় সময় গত শনিবার বেলা ১১টা ৪১ মিনিটে এই ভূমিকম্প হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছেন, ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া সুনামিরও কোনো সতর্কতা জারি করা হয়নি। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি আলাস্কার জুনো থেকে প্রায় ২৩০ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে ও ইউকনের হোয়াইটহর্স থেকে ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) পশ্চিমে আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল বলে জানানো হয়। ভূমিকম্পটি ১৫ থেকে ২০ সেকেন্ড স্থায়ী হয়েছিল।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড জানিয়েছেন, হোয়াইটহর্সে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ন্যাচারাল রিসোর্সেস কানাডার একজন ভূকম্পবিদ অ্যালিসন বার্ড বলেন, ইউকনের যে অংশে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সেটি পাহাড়ি ও সেখানে খুব কম লোক বাস করে। বার্ড জানান, বেশিরভাগ মানুষই তাক ও দেয়াল থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার কথা জানিয়েছেন। আমরা এখনো কাঠামোগত ক্ষতির দিক থেকে কিছু দেখেছি না। তবে অঞ্চলটি পরিদর্শনের পর আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান তিনি।