গাজা পরিকল্পনা নিয়ে ইসরায়েল-জর্ডান সফরে মার্কিন দূত ওয়াল্টজ

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘ বিষয়ক প্রতিনিধি মাইক ওয়াল্টজ ছয় ডিসেম্বর থেকে দশ ডিসেম্বর পর্যন্ত জর্ডান ও ইসরায়েল সফর করবেন। শুক্রবার (৫ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এই সফর গাজার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ দফা পরিকল্পনা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন ২৮০৩ বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারকে জোরদার করবে।  

জর্ডানে ওয়াল্টজ রাজা আবদুল্লাহ দ্বিতীয় ও পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদির সঙ্গে বৈঠক করে দ্বিপক্ষীয় সহযোগিতা ও গাজায় মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিতকরণ ইস্যুতে কথা বলবেন। তিনি মানবিক সংস্থাগুলোর সঙ্গেও চলমান ত্রাণ কার্যক্রম মূল্যায়ন করবেন।  

এছাড়াও তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং রাষ্ট্রপতি আইজ্যাক হারজগ–এর সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা, জাতিসংঘে দ্বিপক্ষীয় সমন্বয় এবং মানবিক সহায়তা বিষয়ে আলোচনা করবেন। সফরে কেরেম শালোম ও গাজা বিষয়ক সমন্বয় ও মনিটরিং মেকানিজম পরিদর্শনও অন্তর্ভুক্ত।
  
রেজ্যুলেশন ২৮০৩ অনুসারে গাজায় বোর্ড অব পিস, ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) ও একটি প্রশাসনিক কমিটি গঠনের কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, এই সফর মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্প প্রশাসনের উদ্যোগকে আরও এগিয়ে নেবে।