আবুধাবি গ্র্যান্ড প্রিক্সের খেলায় প্রথমবারের মত জয়ী বাংলাদেশি কাঠমিস্ত্রি

মোহাম্মদ মোহিন নামে সংযুক্ত আরব আমিরাতের আজমানে কর্মরত একজন বাংলাদেশি কাঠমিস্ত্রি প্রথমবার বিগ টিকিট লটারিতে জিতে নিয়েছেন দুই লাখ পঞ্চাশ হাজার দিরহাম (প্রায় ৪ কোটি টাকা)। আবুধাবির ইয়াস মারিনা সার্কিটে অনুষ্ঠিত ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সে আয়োজিত বিশেষ ‘ড্রাইভার-থিমড’গেম থেকে আসে তার এই অপ্রত্যাশিত জয়।
 
বিগ টিকিটের ইয়ট থেকে নির্বাচিত অংশগ্রহণকারীদের রেসে অংশ নেওয়া একেকজন ড্রাইভারের নাম বাছাই করতে বলা হয়। পরে নির্ধারিত পাঁচটি পজিশনের (তিন, ছয়, দশ, তেরো ও আঠারো) মধ্যে আঠারো নম্বরে থাকা রেসিং বুলসের লিয়াম লসনকে বেছে নেওয়ায় মোহিন পান দুই লাখ পঞ্চাশ হাজার দিরহাম পুরস্কার।
 
মোহিন ব্যক্ত করেন, 'জিতব ভাবতেই পারিনি। দশ বছর ধরে গ্র্যান্ড প্রিক্স দেখি, কিন্তু এবারই প্রথম বিগ টিকিট কিনলাম—আর প্রথম চেষ্টাতেই জিতে গেলাম।'  তিনি জানান, এলোমেলোভাবেই লসনের নাম তুলেছিলেন।

ত্রিশ বছর বয়সী মোহিন তার পুরস্কার অর্থ পরিবার-পরিজনসহ বাহাত্তর সদস্যের মধ্যে ভাগ করে নেবেন। সবাই তার এই জয়ে নতুন করে বিগ টিকিটে অংশ নিতে আগ্রহী হয়েছে বলে জানান তিনি।

এই জয়ে অনুপ্রাণিত মোহিন ভবিষ্যতেও বিগ টিকিট কেনার পরিকল্পনা করছেন। 'ইয়াস মারিনায় বসে ফর্মুলা ওয়ান দেখছি—এমন অভিজ্ঞতা কখনো কল্পনাও করিনি',বলেন তিনি।