পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে হঠাৎ প্রেসিডেন্টকে অপসারণ করে ক্ষমতা দখলের দাবি জানিয়েছে সেনাবাহিনীর একটি অংশ।
রবিবার (৭ ডিসেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে একদল সেনাসদস্য প্রেসিডেন্ট প্যাট্রিস তালনকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দেয়।
‘মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন’ নামে নিজেদের পরিচয় দেওয়া সৈন্যরা বলেছেন, তারা বৈঠক করে প্রেসিডেন্ট তালনকে পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন। তারা দেশের সব সীমান্ত বন্ধ ও রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করারও ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট তালনের গ্রেপ্তার হওয়া সম্পর্কে কিছু জানায়নি সেনাবাহিনীর এই অংশ।
অন্যদিকে, দেশটির প্রেসিডেন্টের কার্যালয় দাবি করেছে, প্রেসিডেন্ট তালন নিরাপদে আছেন এবং নিয়মিত সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিচ্ছে। তাদের বক্তব্য, অল্প কিছু সৈন্য শুধু টেলিভিশন স্টেশনের নিয়ন্ত্রণ নিয়েছে। বেনিনের পররাষ্ট্রমন্ত্রীও রয়টার্সকে জানিয়েছেন, সেনাবাহিনীর বড় একটি অংশ প্রেসিডেন্টের প্রতি অনুগত রয়েছে।
উল্লেখ্য, আগামী বছর এপ্রিলে ক্ষমতা ছাড়ার কথা ছিল প্রেসিডেন্ট তালনের। ঘটনার সময় প্রেসিডেন্টের বাসভবনের কাছে গোলাগুলির খবর পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটিতে অবস্থানরত ফরাসি দূতাবাস।