সেল্টার কাছে রিয়ালের লজ্জার হার, সিটির বিরুদ্ধে 'বিস্ফোরণের' ডাক আলনসোর 

লা লিগায় আবারও ছন্দপতন। ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে সেল্টা ভিগোর কাছে ২-০ গোলে বিধ্বস্ত হলো রিয়াল মাদ্রিদ। এই হারে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে চার পয়েন্টে পিছিয়ে পড়ল জাভি আলন্সোর দল। সবথেকে বড় ধাক্কা, বুধবার ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের হাই-ভোল্টেজ ম্যাচের ঠিক আগে ফ্রান গার্সিয়া এবং আলভারো কারেরাসের লাল কার্ডের কারণে নয়জন নিয়ে ম্যাচ শেষ করে 'লস ব্লাঙ্কোস'।

চোটের ধাক্কা ও রক্ষণে বিপর্যয়

লা লিগায় এটি ছিল রিয়ালের চলতি মরসুমে দ্বিতীয় হার। হারের যন্ত্রণার সঙ্গে যোগ হয়েছে ডিফেন্ডার এদের মিলিতাওয়ের চোট। ম্যাচের প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান তারকা। বেঞ্চে বিশ্রামে রাখা রুডিগারকে বাধ্য হয়েই নামাতে হয় আলনসোকে। এর আগেই ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে দুই মাসের জন্য চোটের কারণে হারান তিনি। সাথে দুই ডিফেন্ডারের লাল কার্ড সিটির বিপক্ষে ম্যাচের আগে রিয়াল শিবিরের কপালে ভাঁজ ফেলেছে।

সোয়েডবার্গের জোড়া গোলে বাজিমাত

একসময় বার্নাব্যুতে এনএফএল ম্যাচের আয়োজন করায় টানা ছয়টি অ্যাওয়ে ম্যাচ খেলার পর ঘরের মাঠে ফেরে রিয়াল। কিন্তু ফেরাটা সুখকর হলো না। পুরো ম্যাচে সেল্টা ভিগো রক্ষণে একটি শক্তিশালী দেওয়াল তৈরি করে রেখেছিল, যেখানে কাইলিয়ান এমবাপ্পে বা ভিনিসিয়াস জুনিয়র কেউই সেভাবে জায়গা খুঁজে পাননি।

দ্বিতীয়ার্ধে রিয়ালকে স্তব্ধ করে দেন সেল্টার উইলিয়ট সোয়েডবার্গ। ব্রায়ান জারাগোজা-র ক্রস থেকে চোখ ধাঁধানো ফ্লিক ফিনিশে থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন তিনি। এরপর ম্যাচের শেষদিকে, রিয়াল নয়জন হয়ে পড়লে সোয়েডবার্গ আবারও গোল করে সেল্টার ২-০ জয় নিশ্চিত করেন।

মেজাজ হারালো মাদ্রিদ, রেফারিং নিয়ে ক্ষোভ আলনসোর

ক্ষতবিক্ষত রিয়াল ম্যাচের শেষ তিরিশ মিনিটা ১০ জন নিয়ে খেলতে বাধ্য হয় যখন ফ্রান গার্সিয়া এক মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখেন। যোগ করা সময়ে রেফারির সিদ্ধান্তে প্রতিবাদ করে আলভারো কারেরাস সরাসরি লাল কার্ড দেখেন, ফলে রিয়ালকে ৯ জন নিয়ে খেলা শেষ করতে হয়। ম্যাচ শেষে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কোচ আলনসো, "রেফারিং আমার ভালো লাগেনি।"

সাম্প্রতিক সময়ে শেষ সাতটি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় পাওয়ায় স্প্যানিশ মিডিয়ায় আলনসোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে আলনসো দ্রুত পরিস্থিতি বদলাতে চান। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়ার আগে তিনি দলের কাছে দ্রুত ঘুরে দাঁড়ানোর দাবি জানিয়েছেন, 'আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই পাতা উল্টে ফেলতে হবে। এটা কেবল তিন পয়েন্টের ক্ষতি। আমাদের সামনে সিটির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে, যেখানে আমরা প্রতিক্রিয়া দেখাবো এবং মুখের এই খারাপ স্বাদ দূর করব।'