অক্টোবরের অপ্রত্যাশিত সংকোচনের পর নভেম্বরে চীনের রপ্তানি আবারও প্রবৃদ্ধিতে ফিরেছে এসেছে। তবে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি প্রায় ২৯ শতাংশ কমেছে। সোমবার (৮ ডিসেম্বর) প্রকাশিত কাস্টমস ডেটা অনুযায়ী, চীনের মোট রপ্তানি বছরব্যাপী ৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৩০.৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা অর্থনীতিবিদদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।
ডেটায় দেখা গেছে, বছরের প্রথম ১১ মাসে চীনের বাণিজ্য উদ্বৃত্ত এক লাখ কোটি ডলার ছাড়িয়েছে—যা এক বছরের মধ্যে সর্বোচ্চ এবং ২০২৪ সালের ৯৯২ বিলিয়ন ডলারের উদ্বৃত্তকেও ছাড়িয়ে গেছে। এছাড়া যুক্তরাষ্ট্রে রপ্তানি কমলেও দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য বাজারে রপ্তানি দ্রুত বৃদ্ধি পেয়েছে।
নভেম্বরে চীনের আমদানি ১.৯ শতাংশ বেড়ে ২১৮.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা অক্টোবরের ১ শতাংশ প্রবৃদ্ধির চেয়ে বেশি। তবে স্থাবর সম্পত্তি খাতের মন্দা এখনও ভোক্তা ব্যয় ও বিনিয়োগে চাপ সৃষ্টি করছে।
গত অক্টোবরের উচ্চপর্যায়ের বৈঠকের পর চীনা নেতারা আগামী পাঁচ বছরের জন্য উন্নত উৎপাদনশিল্পকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন।