জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গ্যাস্টিকের ট্যাবলেট ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে কানকু মিয়া (৪৫) ও কমল মিয়া (৫০) নামে দুই কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত দুইজন সম্পর্কে বেয়াই।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কমল মিয়া নামে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এরআগে রবিবার (৭ ডিসেম্বর) রাতে কানুক মিয়ার উপজেলার পাররামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে মারা যান।
নিহতরা হলেন ওই এলাকার বানিয়াপাড়া গ্রামের মকজল হোসেনের ছেলে কানকু মিয়া ও পোড়াভিটা গ্রামের কমল মিয়া।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল রবিবার দুপুরের দিকে কমল মিয়া, বিয়াই কানকু মিয়ার বাড়িতে বেড়াতে যান। সেখানে দুপরের খাবার শেষে দুজনের গ্যাস্টিকের সমস্যা হয়। পরে গ্যাস্টিকের ঔষধ ভেবে ঘরে থাকা ইঁদুর মারার ওষুধ খায়। ইঁদুর মারার ট্যাবলেট খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাদের বুকে জ্বালা ও বমি শুরু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থা সঙ্কটাপন্ন দেখে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওইদিন রাতেই কানকু মিয়া মারা যায়। আর কমল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. আনোয়র হোসেন বলেন, দুই কৃষকের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পায়নি। উভয় পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেছেন। তবে এ বিষয়ে নিয়মিত অপমৃত্যুর মামলা হবে।