অস্ট্রেলিয়ার নার্স হত্যার মামলা: ভারতে পলাতক দোষীর রায়

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের ওয়ানগেট্টি বিচে ২০১৮ সালে টোয়া কর্ডিংলি হত্যার ঘটনায় ভারতে পালিয়ে যাওয়া রাজউইন্দর সিং (৪১) কে সাত বছর পর শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত করেছে আদালত। এক মাসের বিচার শেষে সোমবার (৮ ডিসেম্বর) জুরি এই রায় ঘোষণা করে। 

চব্বিশ বছর বয়সী কর্ডিংলি তার কুকুরকে নিয়ে হাঁটতে বের হয়ে নির্মমভাবে অন্তত ২৬ বার ছুরিকাঘাতে নিহত হন। সৈকতে বালুতে আধা-চাপা দেয়া অবস্থায় তার মরদেহ খুঁজে পান তার বাবা। তিনি পেশায় নার্স ছিলেন, স্থানীয় কমিউনিটিতে পরিচিত অনেকের প্রিয়পাত্র ছিলেন। তাঁর মৃত্যুতে পুরো কুইন্সল্যান্ড জুড়ে শোকের ঢেউ নেমে আসে।
 
হত্যার পরদিনই ইনিসফাইলে বসবাসকারী পাঞ্জাবি বংশোদ্ভূত সিং দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এবং চার বছর আত্মগোপনে থাকেন। এ বছরের মার্চে প্রথম বিচার অমীমাংসিত থাকায় এটি তার দ্বিতীয় ট্রায়াল।

প্রসিকিউশন জানায়, সিংয়ের বিরুদ্ধে শক্তিশালী পরিস্থিতিগত প্রমাণ ছিল। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত একটি লাঠিতে তার ডিএনএ পাওয়া যায়। একই সঙ্গে কর্ডিংলির মোবাইলের গতিপথের সঙ্গে সিংয়ের গাড়ির গতিপথ মিলে যায়।