যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, ইউরোপ নিয়ে কঠোর ভাষা এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নত করার ইঙ্গিত—উভয়ই রুশ অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ট্রাম্প প্রশাসন সংলাপ ও সম্পর্ক উন্নয়নে আগ্রহী হলেও মার্কিন 'ডিপ স্টেট' এ প্রচেষ্টায় বাধা দিতে পারে।
এদিকে, ইউক্রেন যুদ্ধের সমাধানে ওয়াশিংটনের প্রচেষ্টা গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, তারা শান্তি খসড়া চুক্তির শেষ পর্যায়ে রয়েছে, যদিও কিয়েভ ও মস্কো—দুই পক্ষই এতে সম্মত হওয়ার ইঙ্গিত দেয়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার (৮ ডিসেম্বর) লন্ডনে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নেতাদের সঙ্গে বৈঠক করবেন। জেলেনস্কি জানিয়েছেন, শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে তার গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়েছে, যেখানে যুদ্ধ বন্ধ ও ভবিষ্যৎ রুশ আগ্রাসন ঠেকানোর সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা হয়েছে।
বিশ্লেষকদের মতে, কিয়েভ এখনো এমন অবস্থায় নয় যে যেকোনো মূল্যে চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হবে, তবে সামনে কঠিন শীত আসছে। রাশিয়ার টানা হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো বিপর্যস্ত হচ্ছে; বিদ্যুৎ ও গরমের সংকটে লাখো মানুষ ভুগছেন। দুর্নীতি কেলেঙ্কারি ও সহযোগীদের বিরুদ্ধে অভিযোগে জেলেনস্কির অবস্থানও দুর্বল হয়েছে।