অ্যাপল আইফোনে গোপনীয়তায় সাফারি ব্যবহারের পরামর্শ

আইফোন ব্যবহারকারীদের জন্য গুগল ক্রোম ব্যবহার কমানোর পরামর্শ দিয়েছে অ্যাপল। কোম্পানিটির দাবি, এই পদক্ষেপটি মূলত ব্যবহারকারীর অনলাইন গোপনীয়তা রক্ষা করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

অ্যাপলের বক্তব্য অনুযায়ী, ক্রোম পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারছে না, তবে সাফারি উন্নত প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট থেকে ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম। ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট এমন একটি পদ্ধতি, যেখানে ব্রাউজারের ধরন, ব্যবহৃত ফন্ট, অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যারসহ বিভিন্ন তথ্যের সমন্বয়ে ব্যবহারকারীর অনন্য পরিচয় তৈরি করা হয়।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, সাফারি ব্যবহারকারীদের প্রতিটি ডিভাইস আলাদাভাবে শনাক্ত হওয়ার সম্ভাবনা কমাতে সিস্টেম কনফিগারেশনের একটি সরল সংস্করণ তৈরি করে। যার ফলে হাজার হাজার ডিভাইস ট্র্যাকারদের কাছে প্রায় অভিন্ন মনে হয়। এতে ব্যবহারকারীদের ট্র্যাক করা কঠিন হয়ে যায়।

অ্যাপল আরও জানায়, সাফারিতে রয়েছে এআই-ভিত্তিক ট্র্যাকিং প্রতিরোধ, লোকেশন ডেটা সংগ্রহ রোধ এবং শক্তিশালী ব্যক্তিগত ব্রাউজিং সুরক্ষা। তারা উল্লেখ করেছে, এই সব ক্ষেত্রে ক্রোম তুলনামূলকভাবে দুর্বল। তবে, সাফারি ব্যবহার করলেও গুগল শিট, গুগল স্লাইডসসহ অন্যান্য গুগল অ্যাপের ব্যবহারে কোনও সীমাবদ্ধতা নেই।

ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সম্প্রতি আবারও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গুগল ‘গোপন’ ট্র্যাকিং এবং ব্যবহারকারী বন্ধ করতে না পারার প্রযুক্তিতে শিথিলতা আনায় এই উদ্বেগ বেড়েছে। তবে, মজিলা ফায়ারফক্সও এই সমস্যার সমাধানে সাদৃশ্যপূর্ণ সুরক্ষা ব্যবস্থা প্রদান করছে।

বিশ্বব্যাপী গোপনীয়তা সচেতনতার বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রযুক্তি কোম্পানিগুলো নিজেদের ব্রাউজারে ব্যবহারকারীর তথ্য সুরক্ষায় আরও উন্নত ব্যবস্থা যোগ করার প্রতিযোগিতায় নামছে।