ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমঝোতার ভিত্তিতে ৩০০ আসনেই প্রার্থী দেবে জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দল।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর পুরনো পল্টনের কালভার্ট রোডের খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘তফসিল ঘোষণার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আসন সমঝোতার ভিত্তিতে ইসলামী ঐক্যের ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করা হবে। সমঝোতার মাধ্যমে একটি আসনে ৮ দলের একজন প্রার্থী থাকবে। আজ মঙ্গলবার থেকে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হবে।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ‘বৃহত্তর স্বার্থে গণভোট এবং জাতীয় নির্বাচনে একসঙ্গে মেনে নিয়েছি। গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে ৮দল।
এ সময় লিখিত বক্তব্য আট দলের শরিক খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুল কাদের জানান, গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে ডিসেম্বর মাসব্যাপী প্রচারণার কাজ করবে স্ব স্ব দল।
একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন মেনে নিলেও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট অপরাধীদের বিচার ও ফ্যাসিবাদের সহযোগী রাজনৈতিক দলগুলোর ওপর নিষেধাজ্ঞার দাবি বহাল রয়েছে।