দল বিলুপ্ত করে বিএনপিতে শাহাদাত হোসেন সেলিম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজ দল বাংলাদেশ এলডিপি বিলুপ্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। গতকাল সোমবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।

বাংলাদেশ এলডিপি বিএনপির নেতৃত্বাধীন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র ১২-দলীয় জোটের অন্যতম শরিক দল ছিল। শাহাদাত হোসেন সেলিমকে বিএনপিতে স্বাগত জানিয়ে আমীর খসরু বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসনে ধানের শীষের কা-ারি হচ্ছেন শাহাদাত হোসেন সেলিম। তিনি (সেলিম) এই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন।’ বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করে সেলিম বলেন, ‘ঘরের ছেলে ঘরে ফিরে এলাম। সঙ্গে দলের মনোনয়ন।’ এদিকে বিএনপিতে যোগ দেওয়ার পর শাহাদাত হোসেন সেলিম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ‘আলহামদুলিল্লাহ’ লিখে শুকরিয়া আদায় করেন। অন্যদিকে তমিজ উদ্দিন টিটু তার ফেসবুক পেজে লেখেন ‘বিদায় বাংলাদেশ এলডিপি, স্বাগতম বিএনপি’।