ডেঙ্গুতে ২ মৃত্যু হাসপাতালে ৪৫৫ জন

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গত রবিবার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত) দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৫৫ জন। গতকাল সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃতদের দুজন পুরুষ। তাদের বয়স যথাক্রমে ৩৫ ও ৬০ বছর। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৫৭ জন, চট্টগ্রামে ৫১, ঢাকা বিভাগে ৫৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৫, খুলনায় ৪৪, ময়মনসিংহে ৩২, রাজশাহীতে ৪৮, রংপুরে ৩ ও সিলেটে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮ হাজার ২৮৪ জন। মৃত্যু হয়েছে ৩৯৮ জনের।