লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ব্যবহৃত একাধিক স্থাপনায় গতকাল সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় মধ্যরাতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, এসব স্থাপনাকে হিজবুল্লাহর রাদওয়ান ফোর্স ‘ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড’ হিসেবে ব্যবহার করত।
ইসরায়েল দাবি করেছে, সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামোকে অকার্যকর করার উদ্দেশ্যেই এই অভিযান পরিচালিত হয়েছে। তাদের মতে, রাদওয়ান ফোর্স এসব স্থান থেকে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করত।
২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল বৈরুত ও লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে একাধিকবার হামলা চালিয়েছে। স্থানীয় সূত্র মতে, প্রায় প্রতিদিনই সীমান্তসংলগ্ন এলাকায় হামলা অব্যাহত রয়েছে।
ইসরায়েল বলছে, হিজবুল্লাহর সম্ভাব্য হুমকি মোকাবিলার লক্ষ্যে এসব সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সীমান্তবর্তী ৫টি প্রধান স্থানে এখনো তাদের সেনা মোতায়েন রয়েছে।
খবর: টাইমস অব ইসরায়েল