মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকার সার্ভিস লেনে মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার আরও তিন যাত্রী আহত হন।
নিহত নারীর নাম জোবায়দা বেগম (৫০)। তিনি শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর গ্রামের এখলাছ উদ্দিনের স্ত্রী।
আহতরা হলেন- শ্রীনগর উপজেলার ওমপাড়ার বাগমাড়ি এলাকার দেলোয়ার শিকদারের স্ত্রী আশুদা বেগম (৫৪), শ্রীনগর উপজেলার আলমপুর গ্রামের মহসিন (৪৫) এবং সিরাজদিখান উপজেলার শেখরনগর গ্রামের শাহাদাতের ছেলে আব্দুর মহিম (৩০)।
শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, সড়কে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর অটোর যাত্রীরা গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালান। ঘটনাস্থলেই একজন মারা যান এবং আহত তিনজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুখোমুখি সংঘর্ষের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তদন্ত করছে। আহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।