ভৈরবের আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামের শেখ বাড়ি ও মোল্লা বাড়ির লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। 

এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান আকদ। 

সংঘর্ষে আহতরা হলেন- মো. তামজিদ মোল্লা (১৬), রাজু মোল্লা (২২), বাবু মিয়া (২৫), বশির মিয়া (৫৫), ফয়সাল মোল্লা (৩৭), সাইফুল (২২), শফিকুল ইসলাম (১৬), হযরত আলী (৪০), আব্দুর রহমান (১৬), ফখর উদ্দিন (১৬), শোয়েব (৩৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ফখর উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উম্মে হাবীবা জুঁই বলেন, সোমবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ১১ জন রোগী চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে ১ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের ২টি টিম পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।