নতুন শরণার্থী ও অভিবাসন নীতি সিদ্ধান্ত চূড়ান্ত করলো ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো সোমবার (৮ ডিসেম্বর) নতুন শরণার্থী আইন, নিরাপদ দেশের তালিকা এবং অবৈধ অভিবাসী প্রত্যাবর্তনের জন্য সমগ্র ইউরোপে প্রযোজ্য নীতির চূড়ান্ত অবস্থান নির্ধারণ করেছে, ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

নতুন শরণার্থী নীতির অধীনে, কোনো ব্যক্তি যদি এমন দেশে আশ্রয় পেতে সক্ষম হতো যাকে ইউরোপ নিরাপদ হিসেবে বিবেচনা করে, তাহলে সংশ্লিষ্ট দেশ তার আবেদন খারিজ করতে পারবে। ডেনমার্কসহ বেশ কিছু দেশ সমর্থন দিয়েছে যে, শরণার্থী আবেদনের প্রক্রিয়া নিরাপদ তৃতীয় দেশে সম্পন্ন করা হোক যাতে অভিবাসীরা বিপদজনক পথে ইউরোপে প্রবেশের চেষ্টা না করে। নিরাপদ হিসেবে নাম উল্লেখ করা হয়েছে বাংলাদেশ, কলম্বিয়া, মিশর, ভারত, কসোভো, মরক্কো, তিউনিসিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের প্রার্থী দেশগুলোকে। 

কাউন্সিল অভিবাসী প্রত্যাবর্তনের নীতিও চূড়ান্ত করেছে। এর অধীনে রিটার্ন হাব স্থাপন করা হবে এবং যারা আইন মেনে চলবে না তাদের কারাদণ্ডের ঝুঁকি থাকবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই পরিকল্পনাকে মানবতাবিরোধী হিসেবে অভিহিত করে সতর্ক করেছে যে এতে অভিবাসীরা আইনি অনিশ্চয়তায় পড়তে পারেন। 
 
 কাউন্সিল ইউরোপীয় সংসদের সঙ্গে চূড়ান্ত আইন প্রণয়নের জন্য আলোচনায় বসবে। পাশাপাশি ২০২৬ সালের জন্য একটি সহযোগিতা পুল ও তৈরি হয়েছে, যা ভূমধ্যসাগরীয় দেশগুলোর জন্য অর্থ, পুনর্বাসন ও অন্যান্য সাহায্য প্রদান করবে।