ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা গোমতী সেতুর নিচ থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে বস্তুটি উদ্ধার করা হয়। কুমিল্লা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি-চান্দিনা সার্কেল) ফয়সাল তানভীর বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সোমবার রাত ১১টার দিকে দাউদকান্দি সেনা ক্যাম্প থেকে তথ্য আসে যে দাউদকান্দি গোমতী সেতুর নিচে বোমা সদৃশ একটি বস্তু পাওয়া গেছে। খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিমসহ থানার টিম ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বালুর বস্তা দিয়ে বোমাসদৃশ বস্তুটির নিরাপদ স্থানে রেখে দেন।
এ সংক্রান্তে দাউদকান্দি মডেল থানায় একটি জিডি করা হয়েছে এবং বোমাটি নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিস্পোজাল ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে। বোমাটির উৎস ও প্রকৃতি অনুসন্ধানে তদন্ত চলমান আছে। বর্তমানে দাউদকান্দি মডেল থানার পুলিশের সদস্যরা জায়গাটি কর্ডন করে রেখেছে।