এমবিবিএস ও বিডিএস পরীক্ষা ১২ ডিসেম্বর

২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিসিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীকে হলে প্রবেশ করতে হবে সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে। এরপর আর হলে প্রবেশের সুযোগ থাকবে না। ঠিক সাড়ে ৯টায় হলের গেট বন্ধ করে দেওয়া হবে। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপধান তথ্য অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীকে একটি স্বচ্ছ ব্যাগে রঙ্গিন প্রবেশপত্র, কালো কালির স্বচ্ছ বলপয়েন্ট কলম, এইচএসএসসি/সমমান পরীক্ষার প্রবেশপত্র/রেজিস্ট্রেশন কার্ড নিয়ে সকাল ৮টা থেকে ৯ টা ৩০ মিনিটের মধ্যে আবশ্যিকভাবে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এর বাইরে কোন ব্যাগ, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটরসহ যে কোন ইলেকট্রনিক সামগ্রী বা অন্য কিছু নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সকাল ৯ টা ৩০ মিনিটে পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথ বন্ধ হয়ে যাবে।’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছর লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নের ( এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী) প্রতিটি ১ নম্বর করে মোট ১০০ (একশত) নম্বরের বিষয়ভিত্তিক বিভাজন হল যথাক্রমে জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ বিজ্ঞান-১৫, ইংরেজি-১৫, এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন-১৫। পাস মার্ক নির্ধারণ করা হয়েছে ৪০ নম্বর। পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে ১ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। লিখিত ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারী মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা ৫,৬৪৫, যার মধ্যে এমবিবিএস ৫,১০০ এবং বিডিএস ৫৪৫। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা ৭,৪০৬, যার মধ্যে এমবিসিএস ৬,০০১ এবং বিডিএস ১,৪০৫। অর্থাৎ সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে মোট আসন ১৩,০৫১ ; যার মধ্যে এমবিবিএস কোর্সে ১১,১০১ এবং বিডিএস কোর্স  ১,৯৫০ টি আসন। 

মোট ১৩,০৫১ টি আসনের জন্য এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এ বছর মোট আবেদনকারী ১,২২,৬৩২ জন, যার মধ্যে ৪৯,০২৮ জন আবেদনকারী ছেলে এবং ৭৩,৬০৪ জন মেয়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্টদের প্রশ্নপত্র ফাঁস গুজবের বিশ্বাস না করা জন্য অনুরোধ করা হচ্ছে। এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনও সুযোগ নেই।