বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র আগামী পর্ব ধারণ করা হয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদাহ হাইস্কুল মাঠে। এবারের পর্বে থাকছে একটি লোকগান। গানটিতে চুয়াডাঙ্গা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষ্টি-ঐতিহ্য স্থান পেয়েছে। গানটি লিখেছেন চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ সাংবাদিক শাহ আলম সনি, সুর করেছেন হানিফ সংকেত নিজে। কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজ শিক্ষার্থীরা গানটিতে নৃত্য পরিবেশন করেন।
আরেকটি লোকগীতি গেয়েছেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান ক্লোজআপ ওয়ান তারকা বাউলকন্যা বিউটি এবং পান্থ কানাই। পর্বটিতে আরও থাকছে চুয়াডাঙ্গাকে কেন্দ্র করে একটি বিশেষ প্রতিবেদন, সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক প্রসঙ্গভিত্তিক নাটিকা এবং ইত্যাদির নিয়মিত আয়োজন। তবে নাতি অসুস্থ থাকায় এবার নানা-নানির কথোপকথন পর্বটি থাকছে না।
ইত্যাদির এই বিশেষ পর্বটি আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার করা হবে। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনায় আছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ‘ফাগুন অডিও ভিশন’। বরাবরের মতো এবারও অনুষ্ঠানটি স্পন্সর করছে কেয়া কসমেটিকস লিমিটেড।