জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান চলমান থাকায় ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী হোসনেয়ারা বেগমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মো আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন। এছাড়া বিপ্লবের ভাই খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার ও প্রণবের স্ত্রী শাহানারা বেগমেরও বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুদকের সহকারী পরিচালক মো. রাসেল রনি পৃথক আবেদনে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায়।
আবেদনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও অন্যান্যদের বিরুদ্ধে সরকারি চাকুরিজীবী হয়ে ঘুষ ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তারা আয়ের উৎস আড়াল করে নিজ নামীয় ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে মোট ৩৪১টি হিসাবের মাধ্যমে মোট ৩০ কোটি ৭২ লাখ টাকা জমা ও ৩০ কোটি ১৩ লাখ টাকা উত্তোলন করে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করেছে। তারা নামে-বেনামে সম্পত্তি ক্রয়সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, বিপ্লব কুমার সরকার ও অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ দেশত্যাগ করার চেষ্টা করছেন। এজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগ নিষেধাজ্ঞা করা একান্ত আবশ্যক।