সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ২টি গাড়ি, প্লটসহ ১১৮ কাঠা জমি জব্দ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দুটি গাড়ি, পূর্বাচলের নিউ টাউন প্রকল্পের ১০ কাঠা প্লটসহ দোহার ও আশুলিয়ার ১১ দলীলের ১১৮ কাঠা জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন। দুটি গাড়ি, প্লট ও ১১ দলীলের জমির আনুমানিক মূল্য ধরা হয়েছে, ৪ কোটি ৭৯ লাখ ২২৮ টাকা।

আবেদনে বলা হয়, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৬ কোটি ৪১ লাখ ৫৭ হাজার ৫৭৪ টাকার সম্পদের মালিকানা অর্জন করার অভিযোগ রয়েছে।

তার ৮টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৫৫ কোটি ৯২ লাখ ৪৪ হাজার ৪৩৬ টাকা লেনদেন করেছেন। সেজন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় আলোচ্য মামলা করা হয়েছে।

তদন্তকালে জানা গেছে, আসামি আসাদুজ্জামান খান অবৈধ পন্থায় অর্জিত সম্পদ অন্যত্র বিক্রয় বা হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির অপরাধলব্ধ সম্পদসমূহ ক্রোক করা প্রয়োজন।